বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রসেসিং স্থগিত করছে; তবে এতে নন–ইমিগ্র্যান্ট অর্থাৎ স্টুডেন্ট ভিসাসহ অন্য ভিসা আবেদনকারীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমেরিকার অভিবাসন বিষয়ক আইনজীবী রাজু মহাজন ফেসবুকে এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন।
সিএনএন লিখেছে, ২১ জানুয়ারি থেকে ওই স্থগিতাদেশ কার্যক্রম শুরু হবে এবং পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে বলে যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন আসলে আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করছে। তবে এই স্থগিতাদেশ অস্থায়ী হিসেবে কেউ থাকলে, পর্যটক বা ব্যবসায়িক ভিসাসহ অভিবাসী ছাড়া বাকিদের জন্য নয়।
রাজু মহাজন বলেন, ৭৫টি দেশ থেকে যারা ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করেন, সেই আবেদনকারীদের জন্য ভিসা দেওয়া স্থগিত থাকবে। গ্রিন কার্ড নিয়ে যারা আমেরিকায় ঢোকেন; তাদের যে ভিসা এটা হলো ইমিগ্র্যান্ট ভিসা। এই স্থগিতাদেশ তাদের জন্য এটা কার্যকরী।
তিনি বলেন, এ ছাড়া নন–ইমিগ্র্যান্ট ভিসা আবেদেনর ক্ষেত্রে এটা কার্যকর নয়। শিক্ষার্থীদের জন্য ভিসা বা অন্য ভিসা এই নিয়মে কার্যকর নয়। ৭৫ দেশের ভিসা প্রসেসিং স্থগিতের ক্ষেত্রে এসব ভিসা পড়বে না।
রাজু মহাজন বলেন, যারা নন–ইমিগ্র্যান্ট ক্যাটাগরিতে আবেদন করছেন, তারা করতে থাকুন। যদি কোয়ালিফাই হন, অন্য যোগ্যতা পূরণ করেন, তবে অবশ্যই ভিসা পাবেন। সমস্যা হবে না।
তিনি বলেন, এমনকি ইমিগ্র্যান্ট ভিসা যে স্থগিত হলো; সে ক্ষেত্রেও কর্তৃপক্ষ বলেছে, তারা বিশেষ পরিস্থিতি বিবেচনা করবে। পরিস্থিতি যদি দরকার হয়, এখনো ভিসা দেওয়া হবে। এটা নিয়ে হয়তো আরও অনেক ব্যাখ্যা আসবে। যাদের ফ্যামিলি মেম্বাররা সেখানে থাকেন, এটা তাদের সাংবিধানিক অধিকার। এটা এত সহজে চাইলেই বন্ধ করা যায় না।
রাজু মহাজন বলেন, নন-ইমিগ্র্যান্ট ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। শুধু যদি স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা অন্য ভিসা আবেদন করতে চাইলে করতে থাকুন। এটার ওপর কোনো প্রভাব পড়বে না।

