ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নির্বাচনে জিতলে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চাই: নওয়াজ শরিফ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৮:৫৫ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ বলেছেন, আসন্ন আজাদ কাশ্মীর নির্বাচনে তার দল বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানাবেন।

মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাস্যরসের ছলে এ মন্তব্য করেন তিনি। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারণায় তার সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

সমাবেশে নওয়াজ শরিফ বলেন, আজাদ কাশ্মীরকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। পিএমএল-এন সরকার গঠন করতে পারলে তিনি প্রতি তিন মাস অন্তর এই অঞ্চলে এসে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিজে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি, আজাদ কাশ্মীরের বাজেট বর্তমানের তুলনায় দশগুণ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া মুজাফফরাবাদের বাসিন্দাদের যাতায়াত ও স্বাস্থ্যসেবার উন্নয়নে শিগগিরই ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ঘোষণা দেন নওয়াজ শরিফ।

একই সমাবেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, তিনি এখানে কেবল প্রচারণার জন্য আসেননি; জন্মসূত্রেই নিজেকে একজন কাশ্মীরি হিসেবে মনে করেন। তিনি দাবি করেন, পিএমএল-এন ক্ষমতায় এলে আজাদ কাশ্মীরের উন্নয়ন ও মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

তরুণদের জন্য ২ হাজার শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণের ঘোষণা দেওয়ার পাশাপাশি মরিয়ম নওয়াজ সহজ শর্তে আবাসন সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দেন।

সূত্র: জিও নিউজ