ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলিবর্ষণ, মেক্সিকো সিটিতে নিহত ১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:১০ এএম
ছবি : সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) শহরের ঐতিহাসিক জোকালো চত্বরের পাশের সান্তো ডোমিঙ্গো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সান্তো ডোমিঙ্গো এলাকা দীর্ঘদিন ধরেই জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয়ের ভাষ্য অনুযায়ী, এটি একটি পরিকল্পিত লক্ষ্যভিত্তিক হামলা। গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী গুলি চালানোর পর মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক চক্রকে ঘিরে সহিংসতা ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এমন হামলা তুলনামূলকভাবে বিরল। যদিও শহরটিতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্রের তৎপরতা রয়েছে।