ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৮ এএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা চলছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে খুব দ্রুত কঠোর সামরিক পদক্ষেপ নিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলেও সতর্ক করেছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীদের অনুরোধেই গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছিলেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা তাকে স্পষ্টভাবে অনুরোধ করেছিলেন, যেন এই মুহূর্তে কোনো সামরিক হামলা না চালানো হয়। সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে হামলা স্থগিত করা হয়েছিল।

তবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য খুব বেশি সময় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনার জন্য ঠিক কতদিন অপেক্ষা করবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টির দ্রুত সমাধান হতে হবে। অন্যথায় আলোচনার কোনো ভবিষ্যৎ থাকবে না।

ট্রাম্পের এই মন্তব্যে একদিকে যেমন কূটনৈতিক সমাধানের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের ইঙ্গিত মিলেছে, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।