ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ছাত্রদল নেতার অপকর্ম নিয়ে ফেসবুক লাইভ করায় যুবদল নেতার বাড়ি-ঘরে হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:১৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের বিভিন্ন অপকর্ম তুলে ধরায় যুবদল নেতার বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। এর পর থেকে চরম আতঙ্কে রয়েছেন যুবদল নেতা ও তার পরিবারের লোকজন। গত রোববার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি নাঈম ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সুলতানের শাস্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী যুবদল নেতা নাঈম ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি (বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী) সুলতান মাহমুদের সঙ্গে রাজনীতি করে আসছেন। বিগত সরকারের  সময়ে সেসহ তার লোকজন একাধিক মামলায় আসামি হয়েছে। সরকার পতনের পরে সুলতান মাহমুদ নিজ শেল্টারে আওয়ামী লীগের সেসব লোকজনকে এলাকায় এনে তাদের সঙ্গে ব্যবসা করে কোটি টাকা উপার্জন করেছে, এমনকি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে। এসব বিষয় নিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক লাইভে কথা বলে ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম। এদিকে লাইভ শেষ করার পরপরই সুলতানের নেতৃত্বে তার লোকজন এসে নাঈমের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করে। এমনকি, পরিবারের লোকজনের হুমকি দিয়ে আসে।

এদিকে ঘটনায় জড়িত সুলতানের শাস্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্ত সুলতান ও তার লোকজনের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেসবুকে লাইভে এসে যুবদল নেতা নাঈম আমাকে জড়িয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন। এতে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করতে পারে। তবে আমি ছিলাম না। সিসি ফুটেজে যদি আমাকে দেখা যায়, তবে আমাকে নিয়েও নিউজ করেন বলেন জানান তিনি।

এ ব্যাপার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ফেসবুকে লাইভকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়িতে হামলার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযুক্ত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।