ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শত শত বোয়িং উড়োজাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্কতা যুক্তরাষ্ট্রের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শত শত ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

সংস্থাটির দাবি, এসব উড়োজাহাজের কিছু আসন সঠিকভাবে স্থাপন করা হয়নি, যা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এফএএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রায় ৪৫৩টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে এ সমস্যা থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে আসনগুলো পরীক্ষা করার নির্দেশনা দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি।

নিয়ন্ত্রক সংস্থার মতে, জরুরি অবতরণের সময় ভুলভাবে স্থাপিত আসন খুলে যেতে পারে। এতে যাত্রী ও ক্রু সদস্যরা আহত হওয়ার পাশাপাশি জরুরি নির্গমন কার্যক্রমও ব্যাহত হতে পারে। খুলে যাওয়া আসন চলাচলের পথ বন্ধ করে দিলে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।

তবে এ নির্দেশনা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নিবন্ধিত উড়োজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদিও বিশ্বের বিভিন্ন দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ সাধারণত এ ধরনের বিষয়ে এফএএর নির্দেশনা অনুসরণ করে থাকে।

বোয়িংয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বরেই এ বিষয়ে অপারেটরদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছিল। এফএএর উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে নতুন এই সতর্কতার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা। ২০২৪ সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের কেবিন প্যানেল মাঝ আকাশে খুলে গেলে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। তদন্তে দেখা যায়, প্যানেলটি আটকে রাখার চারটি গুরুত্বপূর্ণ বোল্টই লাগানো ছিল না।

এর আগে একাধিক দুর্ঘটনা এবং নিরাপত্তা-সংক্রান্ত অনিয়ম প্রকাশকারী হুইসেলব্লোয়ার জন বার্নেটের মৃত্যুর পর বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি আরও বাড়ে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, আলাস্কা এয়ারলাইনসের ঘটনার মতো দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রশিক্ষণ, নির্দেশনা ও তদারকিতে ব্যর্থ হয়েছিল বোয়িং।

বিমান চলাচল-বিষয়ক তথ্যপ্রতিষ্ঠান আইবিএর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২ হাজার ৩০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৮২৩টি রয়েছে যুক্তরাষ্ট্রে।