ইথিওপিয়ার উত্তর আফার অঞ্চলে অভিবাসী বহনকারী একটি পণ্যবাহী ট্রাক উল্টে ২২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৬৫ জন। মঙ্গলবার (৬ জানুয়ারি) জিবুতির পশ্চিমে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত সেমেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
‘হর্ন অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ খ্যাত ইথিওপিয়া এ অঞ্চলের প্রধান দেশগুলোর একটি যেখান থেকে বহু মানুষ চাকরি ও উন্নত জীবনের খোঁজে উপসাগরীয় দেশগুলোতে যেতে ‘ইস্টার্ন রুট’ ব্যবহার করেন। এই পথে সাধারণত জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশ করে অভিবাসনপ্রত্যাশীরা। পরবর্তীতে ইয়েমেন থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলে যায় তারা।
আফার অঞ্চলের যোগাযোগ দপ্তর জানায়, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় উল্টে যায়। অবৈধ দালালদের প্ররোচনায় মানুষজন ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছে এবং আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আঞ্চলিক সরকার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসেবে ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বরের মধ্যে এ রুটে ৮৯০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে যা আগের বছরের তুলনায় বেশি। ঝুঁকি সত্ত্বেও এ পথের জনপ্রিয়তা বাড়ছে। আইওএম একে বিশ্বের সবচেয়ে ‘ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ’ হিসেবে আখ্যা দিয়েছে।
আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ার জনসংখ্যা প্রায় ১৩ কোটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বিশ্বব্যাংকের তথ্যে দেশটির ৪০ শতাংশের বেশি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে।

