ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুদানের সংঘাতে ২০ শিশু নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:১৫ পিএম
ছবি : সংগৃহীত

সুদানে চলমান সংঘাতে চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ শিশু নিহত হয়েছে। নিহত শিশুর বেশির ভাগই দেশের পশ্চিমাঞ্চলের করদোফান ও দারফুর অঞ্চলের বাসিন্দা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। প্রতিবেদনে সুদানসহ পুরো অঞ্চলে শিশুদের বর্তমান মানবিক পরিস্থিতি তুলে ধরা হয়।

প্রতিবেদনে এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে সুদানে অন্তত ২০ শিশু নিহত হয়েছে, যাদের অধিকাংশ করদোফান ও দারফুর রাজ্যে প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ সতর্ক করে জানায়, চলমান সংঘাতের কারণে সুদানে লাখ লাখ শিশু এখন জীবনরক্ষাকারী সহায়তা, সুরক্ষা এবং জরুরি সেবা পুনরুদ্ধারের তীব্র প্রয়োজনের মুখে রয়েছে।

সংস্থাটি আরও জানায়, উত্তর দারফুরের আল-ফাশের ও করদোফানের কাদুগলি এলাকায় ইতোমধ্যে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি এলাকা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

সুদানের মোট ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যের প্রায় সবকটিই বর্তমানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে। তবে উত্তর দারফুরের কিছু অংশ এখনো সেনাবাহিনীর দখলে রয়েছে। দেশের বাকি ১৩টি রাজ্যের বেশির ভাগ এলাকা দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলসহ রাজধানী খার্তুম সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে এবং কোটি মানুষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।