ভারতের মহারাষ্ট্রের নাসিকের শিবাজী নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে।
সূত্র অনুযায়ী জানা যায়, ডিন্ডোরি তালুক এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর কূপে পড়ে যায়। মৃতরা সবাই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন সুনীল দাত্তু ডারগোড়ে (৩২), রেশমা সুনীল ডারগোড়ে (২৭), আশা অনিল ডারগোড়ে (৩২), খুশি (১৪), শ্রেয়াস (১১), শ্রাবণী (১১), সমৃদ্ধি (৭), রাখী এবং মাধুরী (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মৃতরা ওই অনুষ্ঠান থেকে চার চাকার গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শিবাজী নগরে চালক আচমকা নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারের কূপে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ডিন্ডোরি থানার পুলিশ এবং এনডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করেন। সবাইকে উদ্ধার করে ডিন্ডোরি সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে হাইড্রা ক্রেন এনে গাড়িটি কূপের জল থেকে তুলে আনা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। এছাড়া কূপের চারপাশে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় গাড়িটি কূপে পড়ে যায়।

