ভারতের রাজস্থানে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি গাড়িতে আগুন লেগে পাঁচ পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে আলোয়ার জেলার মৌজপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, নিহতরা বৈষ্ণোদেবী মন্দিরে পূজা দিয়ে ফেরার পথে ছিলেন। হঠাৎ করে চলন্ত গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইউনিট। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়।
গাড়ির ভেতরে আটকে থাকা পাঁচ আরোহী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং একজন পুরুষ রয়েছেন।
এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাড়িতে থাকা সবাই মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ডেপুটি পুলিশ সুপার কৈলাশ জিন্দাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গাড়িটি সিএনজি চালিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আরোহীরা বের হওয়ার সুযোগ পাননি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন