বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের একটি পার্লামেন্টারি কমিটি।
দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অধীন সংবাদ সংস্থা ফারস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
এ ছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশের জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নতুন টোল ব্যবস্থার বিষয়টি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, ওমান–এর সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা হতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। এ কারণে এই পথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান এই প্রণালিকে কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, যা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: বিবিসি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন