ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের ঘাজিয়ে শহরে হামলা চালায়। শহরটি সাইদনের দক্ষিণে অবস্থিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় আটজন নিহত এবং অন্তত ৩৩ জন আহত হয়েছেন।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে।

এদিকে যুদ্ধবিরতির আগ মুহূর্তে লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো রকেট হামলায় তিন ইসরায়েলি আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টা পরেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রাখে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ১০ কিলোমিটার বিস্তৃত একটি বাফার জোনে ইসরায়েলি সেনা অবস্থান অব্যাহত রাখবে। তবে এ ঘোষণার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে, এ সিদ্ধান্ত লেবাননের জনগণের প্রতিরোধের অধিকারকে আরও বৈধতা দেয়।