ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইসরায়েলে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:০৫ এএম

দক্ষিণ লেবাননের একটি গুরুত্বপূর্ণ সেতুতে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

সংস্থাটি বলছে, এমন হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে এবং এতে জড়িত থাকার ঝুঁকি এড়াতে দেশগুলোর এখনই পদক্ষেপ নেওয়া উচিত।

আল জাজিরা জানিয়েছে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননের কাসমিয়েহ সেতুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের জন্য খাদ্য, চিকিৎসা সামগ্রী ও জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান পথ হিসেবে ব্যবহৃত হতো।

এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, পরিকল্পিত এই হামলায় বেসামরিক জনগণের জন্য গুরুত্বপূর্ণ শেষ কার্যকর প্রবেশপথটি ধ্বংস হয়েছে, যা গুরুতর মানবিক সংকটের ঝুঁকি তৈরি করেছে। সংস্থাটি আরও উল্লেখ করে, ঘটনাটি বেসামরিক নাগরিকদের ওপর সম্ভাব্য অসামঞ্জস্যপূর্ণ হামলা হিসেবে তদন্ত করা প্রয়োজন, যা প্রমাণিত হলে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এই প্রেক্ষাপটে, বিভিন্ন দেশের সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে তারা সম্ভাব্য যুদ্ধাপরাধে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

সূত্র : আল জাজিরা