ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

অবশেষে শেষের পথে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউস ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা এবং পারমাণবিকসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার কাঠামো নির্ধারণে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকে চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (৬ মে) অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে দুইজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও দুটি সূত্রের বরাত দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস মনে করছে- যুদ্ধের অবসান এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে তারা ইরানের সঙ্গে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে সতর্ক করা হয়েছে। তবুও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো দুই পক্ষ এতটা কাছাকাছি এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তির শর্তগুলোর মধ্যে থাকতে পারে- ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখা, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ করা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা এবং উভয় পক্ষের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

অন্যদিকে, রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এছাড়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের পক্ষ থেকেও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।