ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেস্তে যাচ্ছে সমঝোতা, ফের যুদ্ধে ইরান-আমেরিকা!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:২৫ পিএম
ইরান-আমেরিকার যুদ্ধ। ছবি : সংগৃহীত

দুদিন আগেও শোনা যাচ্ছিল, ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা শেষ হতে যাচ্ছে। সমঝোতার টেবিলে বসতে উভয় পক্ষ একটি এক পৃষ্ঠার খসড়াও প্রস্তুত করেছে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে সেই উদ্যোগের বাস্তব অগ্রগতি এখনো দেখা যায়নি। এর মধ্যেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। জানা গেছে, উভয় পক্ষ একে অপরের দিকে গুলি ছুড়েছে। সংঘর্ষের পর পাল্টাপাল্টি দোষারোপও করছে তারা।

গত ৭ এপ্রিল ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা বলে উল্লিখিত। হরমুজ প্রণালির অদূরে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘাত থামাতে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল বলেও জানা যায়। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়নের আগেই ফের গোলাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওয়াশিংটন উত্তেজনা বাড়াতে চায় না। তাদের দাবি, ইরানের হামলার জবাব হিসেবেই পাল্টা আঘাত করা হয়েছে। অন্যদিকে ইরানের অভিযোগ, মার্কিন বাহিনী বিমান হামলার সময় অসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করেছে।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে প্রবেশরত দুটি জাহাজকেও লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তেহরানের।

তবে হোয়াইট হাউসের দাবি, হরমুজে চলাচলকারী যুদ্ধজাহাজে হামলার কাজে ব্যবহৃত ইরানের সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী সফলভাবে ইরানের হামলা প্রতিহত করেছে। একই সঙ্গে তেহরানকে ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানি থেকে বিরত থাকার হুঁশিয়ারিও দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে আমরা আরও কঠোর হামলা চালাব।’

যুদ্ধবিরতি চলাকালে কেন হামলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা আমাদের সঙ্গে ছেলেখেলা করেছে।’