আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় নিজেদের প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রায় ৪৫ মিনিটব্যাপী এই ফোনালাপ ছিল ‘উষ্ণ ও আন্তরিক’।
বিবৃতিতে বলা হয়, গত ১১-১২ এপ্রিল ইরান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য তেহরানকে ধন্যবাদ জানান শাহবাজ শরিফ। ওই প্রতিনিধিদলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছিলেন।
ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয়ও তুলে ধরেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সম্মিলিত অবস্থান গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, চলতি সপ্তাহে তেহরান সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানি নেতৃত্বের গঠনমূলক আলোচনার জন্যও কৃতজ্ঞতা জানান শাহবাজ শরিফ।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তান তাদের ‘সৎ ও আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য আবারও উদ্যোগ নিয়েছে পাকিস্তান। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না। এর আগে প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়েছিল।

-20260420092341.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন