গাজায় মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর ভারত ছেড়ে পালিয়েছে এক ইসরাইলি সেনাসদস্য। ছুটি কাটাতে ভারতে অবস্থান করছিলেন তিনি। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ)।
মিডল ইস্ট আইকে দেওয়া এক বক্তব্যে মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক আইনজীবী জানান, ইসরাইলের ২৭১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইতান গিলবোয়া অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই ভারত ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রাসেলসভিত্তিক এইচআরএফ সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে গিলবোয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও তাকে গ্রেপ্তারের দাবি তোলে। সংগঠনটির অভিযোগ, গাজায় বেসামরিক আবাসিক এলাকায় হামলা ও ধ্বংসযজ্ঞে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন।
সংগঠনটির দাবি অনুযায়ী, অভিযুক্ত সেনাসদস্য এসব ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছিলেন। এছাড়া গাজায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংসের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
এইচআরএফ বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ১৯৬০ সালের জেনেভা কনভেনশনের আলোকে এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধের আওতায় পড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন