বড়দিনের আগেই মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত ভাষণে ট্রাম্প তার ক্ষমতায় থাকার ১১ মাসের অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যতে এসব সিদ্ধান্ত আমেরিকানদের জন্য কী অর্থ বহন করবে, তা ব্যাখ্যা করেন। বড়দিন উপলক্ষে লাখো আমেরিকানকে নগদ অর্থ উপহার দেওয়া হবে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, তিনি ‘বাইডেনের ভুল কাজগুলো সংশোধন করবেন।’
ভাষণে ট্রাম্প জানান, ১৪ লাখের বেশি মার্কিন সেনাসদস্য পাবে এই বিশেষ বোনাস। আসন্ন ছুটির মৌসুমে কর্মরত সামরিক সদস্যদের জন্য ১ হাজার ৭৭৬ ডলারের ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ দেওয়া হবে। তিনি বলেন, এই চেকগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।
ভাষণে ট্রাম্প দাবি করেন, তার আরোপিত ‘ট্যারিফ’ নীতির কারণেই যুক্তরাষ্ট্র এখন 'হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ড-এ' পরিণত হয়েছে। তবে ভাষণে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় আসার এক বছর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তবে এক বছরের মধ্যে তার শাসনামলে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় আসার মোট ১১ মাসের মধ্যে শুল্ক নীতির ফলে প্রায় ১৮ ট্রিলিয়ন ডলার আয় করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি বেড়েছে চাকরির বাজার।



