ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩৬ এএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘ ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠেন ভ্যান্স। এয়ার ফোর্স ২-এ আরোহনের আগে তিনি সিঁড়িতে দাঁড়িয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। পরে মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ২১ ঘণ্টার আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার পুরো সময়জুড়ে মার্কিন প্রতিনিধিদল নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছিল।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র পক্ষ থেকে একটি চূড়ান্ত ও সর্বোচ্চ গ্রহণযোগ্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আলোচনায় সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করা হলেও ইরান সে প্রস্তাবে সম্মত হয়নি। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় যথেষ্ট নমনীয়তা ও আপোষমূলক অবস্থান দেখিয়েছে। তবুও এমন একটি পর্যায়ে পৌঁছানো যায়নি, যেখানে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হতো।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন এবং একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়েছে।