ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এখনো সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:১৯ এএম
শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর ঘটনায় উদ্বেগ বাড়ছে। নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি, তবে তার সহপাঠী জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি রহস্যজনকভাবে নিখোঁজ হন। সর্বশেষ তাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সকাল ১০টার দিকে দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোনসহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃষ্টির সন্ধানে সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় কমিউনিটির সহযোগিতা চেয়ে কর্তৃপক্ষ যেকোনো তথ্য দ্রুত জানাতে অনুরোধ করেছে।

তদন্তের অংশ হিসেবে হিশাম সালেহ আবুগারবিয়েহ নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃষ্টির নিখোঁজের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের দেহাবশেষ শুক্রবার সকালে টাম্পার লেক ফরেস্ট আবাসিক এলাকার একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দুই শিক্ষার্থী প্রায় একই সময়ে নিখোঁজ হওয়ায় ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রায় এক মাইল দূরের লেক ফরেস্ট কমিউনিটিতে তল্লাশি জোরদার করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করতে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।