ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:২২ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান মহাসড়কের ল্যাম্পপোস্ট ও একটি ডেলিভারি ট্রাকে ধাক্কা দিয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ইতালির ভেনিস থেকে আসা বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি অবতরণের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হবে।

নিউইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, বিমানের যাত্রী বা ক্রুদের কেউ আহত হননি। তবে ট্রাকচালক সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।

ফ্লাইটটিতে মোট ২২১ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন।

এফএএ জানায়, স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট ১৬৯ নিউ জার্সি টার্নপাইকের একটি লাইটপোস্টে আঘাত করে। এতে বিমানের সামান্য ক্ষতি হয়।

পোর্ট অথরিটি আরও জানায়, ঘটনায় একটি লাইটপোস্ট ও দক্ষিণমুখী একটি ট্রাক্টর-ট্রেলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউনাইটেড এয়ারলাইনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চক প্যাটেরাকিস বলেন, বিমানের একটি চাকা ট্রাকচালকের জানালায় আঘাত করে, এতে চালক সামান্য আহত হন। তবে ট্রাকটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি।

ঘটনার পর এক বিবৃতিতে  ইউনাইটেড এয়ারলাইনস জানায়, তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ক্রুদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।