ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর গত দেড় বছর ধরে দেশ শাসন করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনের শেষবেলায় এসে পৌঁছেছেন। বাসস লিখেছে, ড. ইউনূস গতকাল সোমবার তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একটি বিদায়ি ভাষণ দেন। পরে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে তিনি অংশ নেন।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে যে আন্দোলন শুরু হয়েছিল, সহিংসতার জেরে তা পরিণত হয়েছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। অভ্যুত্থানে উৎখাত হয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়েন। তিনি এখন ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
শেখ হাসিনার উৎখাতের তিন দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। তবে আন্দোলন চলার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ সরকার পতন-পরবর্তী সরকার নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন। সে সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের কথাও ভাবা হয়েছিল তখন।
এর মধ্যে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে আজ নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন