অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী গতকাল রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘অপরাধ দমনে পুলিশকে যেমন পুরস্কৃত করা হবে, ঠিক তেমনি কোনো গাফিলতি বা অন্যায়ের জন্য তিরস্কার ও বিভাগীয় শাস্তির ব্যবস্থাও বহাল থাকবে।’ তিনি বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকা-সহ বেশ কয়েকটি জটিল মামলার দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারি ভূমিকা পালন করেছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের ভালো কাজের যেমন মূল্যায়ন করা হবে, তেমনি কোনো সদস্যের নিষ্ক্রিয়তা বা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাকেও ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়ালন্দ (দৌলতদিয়া) ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের আন্তরিক ও বিচক্ষণ ভূমিকার কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। শনিবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, অপরাধ ও মাদক দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সবসময়ই চলমান। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের আগাম তথ্য প্রকাশ করা হয় না। তিনি আরও জানান, প্রচলিত কিছু আইনের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা যেন পার পেয়ে যেতে না পারে, সে জন্য সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জুয়া প্রতিরোধে যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ করছে। আইনগত এই সংস্কারগুলো সম্পন্ন হলে অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করা আরও সহজ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পেশাদারিত্ব, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকা-ে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া; দৌলতদিয়া ফেরিঘাটে আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের ঘটনাসহ বিভিন্ন কারণে তাদের পুরস্কৃত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টি করবে। সামগ্রিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন