ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গতকাল রোববার শুরু হয়েছে, যা ৯ জুলাই পর্যন্ত চলবে। এই অধিবেশনে আগামী অর্থবছরের বাজেটের ওপর আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। সংসদের কার্যোপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে অধিবেশন ও আলোচনার সময় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়। চলতি অধিবেশনে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল বেলা ৩টায় অধিবেশন শুরু হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যোপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ অধিবেশনে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে পরামর্শ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এদিন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী-সংসদ সদস্য, পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশুটিসহ চার শিশু এবং বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। তাদের মৃত্যুতে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শিশু রামিসা হত্যাকা-ের আসামি দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারকাজ সম্পাদন করায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। একই সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকা-ের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আগামীতেও একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এদিকে জাতীয় সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমরা লোডশেডিং বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা।’ গত অধিবেশনের কথা উল্লেখ করে রুমিন বলেন, জ¦ালানিমন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে তাকে কথা দিয়েছিলেন যে পয়লা মের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে। কিন্তু এখনো সেটা করা হয়নি। কবে গ্যাস পাওয়া যাবে, তা তিনি সুনির্দিষ্টভাবে জানতে চান।
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ¦ালানিমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ বলেন, ‘১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটার সঙ্গে আমি একমত নই। উনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার ওনার ফার্টিলাইজার কারখানা চালাতে বলছেন। গ্যাসের তো আমাদের সংকট আছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না। গ্যাসের অবস্থার উন্নতি হলে সরবরাহ দেওয়া হবে। গত ১৭ বছরে ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং শুরু করেছি। আশা করি গ্যাস পাব, তারপর আশুগঞ্জ ফার্টিলাইজারসহ সব ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ দিতে পারব।’
এদিন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, ‘দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই; কেউ রিপোর্টারও নন, এমনকি মেট্রিক পাসও না।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, এদের লেখাপড়া কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছেÑ এসব বিষয় তদন্ত করা দরকার।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদে বলেন, ‘আমরা মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, মূলত তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের অপতৎপরতা বন্ধে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম পুরো বিষয়টি মনিটর করছে, যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা যায় কি না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন