কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন থ্রি-হুইলার চালকেরা। মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাইওয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার পুলিশ জানায়, দুপুরে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সময় একটি গাড়ি আটক করে মামলা দেওয়া হয়। এর জেরে ক্ষুব্ধ চালকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং হাইওয়ে পুলিশের একটি ভ্যানে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন যুবক পুলিশের গাড়িতে ভাঙচুর চালাচ্ছেন এবং একজন গাড়ির ছাদে উঠে লাথি মারছেন।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি অটোরিকশার চালকের সঙ্গে দায়িত্বরত এক পুলিশ সদস্যের কথাকাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্য অটোরিকশার সামনের গ্লাসে আঘাত করেন। এর প্রতিবাদেই স্থানীয় চালকেরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে পাল্টা হামলা চালান।
এ ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে তীব্র গরমের মধ্যে তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিও দেখে ইতিমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। সরকারি কাজে বাধা এবং রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলার অভিযোগে তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন