দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুটি শ্রমিক সংগঠন। এতে বন্দরের পণ্য লোড-আনলোডসহ স্বাভাবিক আমদানি-রপ্তানি বাণিজ্য অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ‘বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন’ ও ‘হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’ যৌথভাবে বন্দর পরিচালকের মাধ্যমে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ-সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেয়। শ্রমিক নেতাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের সংগঠনের সঙ্গে কোনো চুক্তি বা যোগাযোগ রক্ষা করেননি। একাধিকবার আশ্বাসের পরও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা পণ্য খালাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, শ্রমিকদের চিঠিটি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন