× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:২৪ এএম

ইনিংসের প্রথম বলেই উইকেট

তাসকিনের অনন্য কীর্তি

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:২৪ এএম

তাসকিনের অনন্য কীর্তি

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতে না হতেই ক্রিকেটের ইতিহাসের পাতায় এক অনন্য কীর্তি গড়ে নিজের নাম লিখিয়ে ফেলেন বাংলাদেশের ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল মঙ্গলবার ওয়ানডে ম্যাচের প্রথম বলেই প্রতিপক্ষ ওপেনার ম্যাথু শর্টকে সাজঘরে ফিরিয়ে দিয়ে দীর্ঘ ৬ হাজার ১৫৭ দিনের এক মহা অপেক্ষার অবসান ঘটান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারের বিরল গৌরব অর্জন করলেন। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের সূচনালগ্নেই তাসকিনের মারণকামড়ে বড় ধাক্কা খায় অজি শিবির।

ম্যাচের প্রথম ওভারের প্রথম বলটি তাসকিন আহমেদ নিখুঁত হার্ড লেন্থে করেছিলেন, যা সিমে পড়ে চমৎকারভাবে ভেতরের দিকে ঢুকে যায়। অজি ওপেনার ম্যাথু শর্ট ব্যাকফুটে গিয়ে বলটি খেলার চেষ্টা করলেও তাসকিনের গতি ও সুইংয়ের কাছে পরাস্ত হন এবং বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও তাসকিনের দীর্ঘ ক্যারিয়ারে ম্যাচের একদম প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করা এই গতিতারকা এবার নিজের ঝুলিতে আরও একটি অধরা রেকর্ড যুক্ত করলেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন আহমেদ চতুর্থ বোলার হিসেবে নিজের স্থান সুসংহত করলেন। এর আগে ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন পেসার সাইফুল ইসলাম। পরে ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে সৈয়দ রাসেল এবং সর্বশেষ ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাহবুবুল আলম ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন। মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ১৭ বছর ধরে আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে এই সাফল্যের দেখা পাননি, যা অবশেষে তাসকিনের হাত ধরে পূর্ণতা পেল। ওয়ানডেতে এমন অভিজ্ঞতা প্রথম হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা তাসকিনের আগেও রয়েছে, যেখানে তিনি ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!