× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:২২ এএম

১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ করার লক্ষ্য

ঘাটতি মেটাতে সরকারের ভরসা বিদেশি ঋণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:২২ এএম

ঘাটতি মেটাতে সরকারের ভরসা বিদেশি ঋণ

নতুন অর্থবছরে আয়-ব্যয়ের ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে ঋণ বাড়ানোর লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে পরিকল্পনা ধরে তিনি বাজেট সাজিয়েছেন, তাতে নিট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে গত অর্থবছরে পাওয়া নিট বিদেশি ঋণের প্রায় দ্বিগুণ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যয়ের মধ্যে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব বাবদ আয় করা যাবে বলে তিনি আশা করছেন। সে হিসাবে আয় ও ব্যয়ের সামগ্রিক ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৩.৬ শতাংশের সমান।

এই ঘাটতি মেটাতে তিনি বিদেশ থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ করবেন, যা জিডিপির ২ দশমিক ২৮ শতাংশ। অর্থাৎ সংকটের এই সময়ে মোট ঘাটতির ৬৪ দশমিক ১৩ শতাংশই বিদেশি ঋণ দিয়ে পূরণের আশা করছে নতুন সরকার। এর মধ্যে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় হবে আগে নেওয়া ঋণের কিস্তি আর সুদ পরিশোধে। তাতে নিট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত নিট বিদেশি ঋণের চেয়ে ৮৯.৪ শতাংশ বেশি।

বিদায়ী অর্থবছরের বাজেটে বৈদেশিক ঋণ খাতে ধরা হয়েছিল ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। সংশোধনের পর যা কমে দাঁড়ায় ৯৫ হাজার কোটি টাকা। আর কিস্তি ও সুদ মিটিয়ে নিট বিদেশি ঋণ ছিল ৫৮ হাজার কোটি টাকা।

বাজেট বক্তৃতার ভূমিকাতে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণের আর্থিক পুনরুদ্ধার ও কল্যাণ নিশ্চিত করে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিই এই বাজেটের মূল দর্শন। মধ্যমেয়াদে রাজস্ব আদায়ে গতি বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে মাঝারি ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ক্রেডিট রেটিংয়ে ফিরিয়ে আনা হবে। ঋণনির্ভর প্রবৃদ্ধি থেকে সরে এসে উৎপাদন, কর্মসংস্থান এবং বেসরকারি বিনিয়োগকেন্দ্রিক একটি অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এবার বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ঋণ ঝুঁকি সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে।

অর্থমন্ত্রী এবার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ধার করে বাকি ঘাটতি পূরণের লক্ষ্য ঠিক করেছেন। এর মধ্যে ব্যাংক খাত থেকে সরকার নিতে চায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১৫ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। সংশোধন করে তা বাড়িয়ে ধরা হয় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ধরা হয়, যা সংশোধনের পর বেড়ে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!