থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে ২০১৫ সালের ভয়াবহ বোমা হামলার ঘটনায় দুই জাতিগত উইঘুর ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন দেশটির একটি আদালত। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ২০ জন নিহত এবং ১২০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ব্যাংকক দক্ষিণ ফৌজদারি আদালত চীনা নাগরিক ইউসুফু মিয়েরাইলি ও বিলাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, হত্যাচেষ্টা এবং অবৈধভাবে বিস্ফোরক রাখাসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন। রায় ঘোষণার সময় বিচারকদের একজন বলেন, একক ঘটনায় একাধিক গুরুতর অপরাধ সংঘটিত হওয়ায় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। তবে শুরু থেকেই দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।
রায়ের পর মিয়েরাইলি বলেন, তিনি কোনো অপরাধ করেননি এবং এই রায় মেনে নিচ্ছেন না। তাদের আইনজীবী জানিয়েছেন, এক মাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করা হবে। এই মামলার বিচার শেষ হতে এক দশকের বেশি সময় লেগেছে। তদন্তে চার শতাধিক সাক্ষীর বক্তব্য গ্রহণ করা হয় এবং বিপুল পরিমাণ সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। হামলার দায় কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, থাইল্যান্ড থেকে শতাধিক উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানোর ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছিল। রায়ের পর চীন থাইল্যান্ডের বিচারিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছে, এত বড় হত্যাকা-ের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত হওয়া উচিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন