যশোরের চৌগাছায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানভিত্তিক ও ইনোভেশন প্রকল্প প্রদর্শনী। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্টার্টআপ ধারণা ও বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এসইডিপির সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রদর্শনীর আয়োজন করে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, প্রযুক্তিনির্ভর স্মার্ট ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। ইউএনও ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন