মেক্সিকোর গুয়াদালাহারার আকরন স্টেডিয়ামে এক রোমাঞ্চকর লড়াইয়ে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ^কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি।
বিশ^কাপের প্রথম ম্যাচে জয়ের অপেক্ষাটা দীর্ঘই ছিল দক্ষিণ কোরিয়ার। টানা তিন আসরে উদ্বোধনী ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে এবার অবশেষে হাসল ‘রেড ডেভিলস’রা।
গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিন, লি কাং-ইন ও লি জে-সাংদের গতিময় আক্রমণে চাপে পড়ে চেক রক্ষণভাগ। প্রথমার্ধে ৫৩ শতাংশ বলের দখল রেখে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোরিয়ানরা।
ম্যাচের ১৪তম মিনিটে লি জে-সাংয়ের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে সন হিউং-মিনও একটি সহজ সুযোগ নষ্ট করলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। তবে আক্রমণের ধার বাড়িয়েও ৫৯তম মিনিটে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। ভøাদিমির কুফালের লম্বা থ্রো-ইন থেকে বক্সের মধ্যে উঠে আসা চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি নিখুঁত হেডে বল জালে পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপীয় দলটি।
গোল হজমের পর আরও মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। তার ফলও পায় দ্রুত। ৬৭তম মিনিটে চেক রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে ঠান্ডা মাথার চিপ শটে সমতায় ফেরান হুয়াং ইন-বিওম। দর্শনীয় সেই ফিনিশিংয়ে ম্যাচে নতুন প্রাণ ফিরে পায় কোরিয়ানরা।
সমতার তিন মিনিট পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন দক্ষিণ কোরিয়ার কোচ। অধিনায়ক সন হিউং-মিনকে তুলে মাঠে নামান ওহ হিউ-গিউকে। সেই বদলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৮০তম মিনিটে হুয়াং ইন-বিওমের দারুণ এক কাট-ব্যাক থেকে স্লাইড করে বল জালে জড়িয়ে দেন ওহ হিউ-গিউ। ‘সুপার সাব’ হিসেবে নেমেই দলকে এগিয়ে দেন তিনি।
চেক প্রজাতন্ত্র অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায়। ৭৭তম মিনিটে টমাস সোচেকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর যোগ করা সময়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউরোপীয় দলটি। কিন্তু সাদিলেকের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোরিয়ান গোলরক্ষক। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ের চাপ সামলে ২-১ গোলের মূল্যবান জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এদিকে ম্যাচে বেশ কয়েকটি ব্যতিক্রমী ঘটনাও দর্শকদের নজর কেড়েছে। প্রথমার্ধে পাভেল সুলকের জার্সি টেনে ধরতে গিয়ে সেটি প্রায় মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন কোরিয়ান ডিফেন্ডার লি হান-বিওম। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল হুয়াং ইন-বিওমের সমতাসূচক গোল। চেক গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে তার চিপ শট দেখে অনেক ধারাভাষ্যকারই তুলনা টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি আনহেল দি মারিয়ার সঙ্গে। একজন তো সরাসরি বলে ওঠেন, ‘এটা তো একদম দি মারিয়ার মতো গোল!’
গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে আগামী ১৮ জুন মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। একই দিনে আটলান্টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে চেক প্রজাতন্ত্র।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন