× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৫৩ এএম

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের বিশ্বকাপ শুরু 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৫৩ এএম

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের বিশ্বকাপ শুরু 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক দুই দলেরÑ ব্রাজিল আর আর্জেন্টিনা।  ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আদতে তাদের চোখ ব্রাজিল বা আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকেই। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন, ব্রাজিল মাঠে নামছে আজই। সেই হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ! শনিবার  রাত ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্টকিলারখ্যাত মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা ভুলে নতুন উদ্যমে টুর্নামেন্টে নামছে সেলেসাওরা। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও চমক দেখানোর প্রত্যাশায়।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় এবং পাঁচটি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।

তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে তাদের ২৪ বছরের শিরোপা-খরা চলছে, যা ১৯৭০ থেকে ১৯৯৪ সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই, যা এবার ব্রাজিল সমর্থকদের নতুন আশার জন্ম দিয়েছে।

গত বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্ব দেয়। দেশের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন অভিজ্ঞ এই কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে অবশ্য বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে তারা পঞ্চম স্থানে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে। সম্প্রতি বলিভিয়ার কাছে ১-০ গোলে হারলেও শেষ তিন ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিশরের বিপক্ষে টানা জয় পেয়েছে তারা।

বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে বেশ সফল। আফ্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে তাদের আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয় এসেছে।

অন্যদিকে মরক্কো সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। ২০২২ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি এবারও টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৩৩ জয়, ১০ ড্র এবং মাত্র ২ হারে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে আটলাস লায়ন্সরা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তারা সপ্তম স্থানে রয়েছে, যা নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানির মতো দলগুলোর চেয়েও এগিয়ে।

দীর্ঘদিনের কোচ ওয়ালিদ রেগরাগুই বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে পদত্যাগ করলে সাবেক অনূর্ধ্ব-২৩ দলের কোচ মোহাম্মদ ওয়াহবি দায়িত্ব নেন। তার অধীনে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র পেয়েছে মরক্কো।

দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ২০২৩ সালের মার্চে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছিল মরক্কো। ফলে বিশ্বকাপের মঞ্চে আজকের ম্যাচে ব্রাজিলের সামনে সহজ কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।  গ্রুপ পর্বে শুভ সূচনা এবং নকআউট পর্বের পথে এগিয়ে যেতে উভয় দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!