নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’ বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
ফুটবল ইতিহাসে কিছু বিদায় কেবল একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ নয়, একটি যুগেরও সমাপ্তি। ব্রাজিলের জার্সিতে নেইমারের বিদায় ঠিক তেমনই এক মুহূর্ত। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নিজেই বলেছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপÑ শেষ সুযোগ, শেষ লড়াই, শেষ স্বপ্ন। সেই স্বপ্নের শেষটা হলো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব ১৬ থেকে বিদায়ের মধ্য দিয়ে। তার শেষ নাচের স্বপ্ন অধরা থেকে গেল। বিশ্বকাপ মানেই ব্রাজিলের জন্য ট্রফির স্বপ্ন। আর গত এক দশকেরও বেশি সময় ধরে সেই স্বপ্নের সবচেয়ে বড় মুখ ছিলেন নেইমার। ২০১৪ সালে নিজের দেশে আয়োজিত বিশ্বকাপে ইনজুরির কারণে সেমিফাইনাল মিস করা, ২০১৮ সালে বেলজিয়ামের কাছে বিদায়, ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হৃদয়ভাঙা পরাজয় প্রতিবারই বিশ্বকাপ তাকে দিয়েছে নতুন যন্ত্রণা। ২০২৬ সালে তিনি চেয়েছিলেন সেই যন্ত্রণা ঘোচাতে। শেষবারের মতো ইতিহাস বদলাতে। কিন্তু ভাগ্য যেন আবারও তার বিপক্ষেই দাঁড়াল। ৩৪ বছর বয়সে মাঠে নামা নেইমার দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরে তিনি এই বিশ্বকাপকে নিজের ‘লাস্ট ড্যান্স’ হিসেবে দেখেছিলেন। দেশের জন্য আরেকবার সবকিছু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
২০২৬ বিশ্বকাপ তার শেষ অধ্যায়, কিন্তু তার গল্প শেষ হওয়ার নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন