× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:০১ এএম

রথের চাকা গড়াতেই ভক্তদের ঢল

জগন্নাথদেবের রথযাত্রা শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:০১ এএম

জগন্নাথদেবের রথযাত্রা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। রাজধানীর স্বামীবাগ ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) মন্দির থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত। কীর্তন, নৃত্য ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশে যাত্রা করে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের এই উৎসব।

উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই স্বামীবাগ ইসকন মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়। সকাল ৮টায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুপুর ১টায় মন্দির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধনের পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে বের হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। পুরো পথে ভক্তদের ঢল নামে। অনেককে রথের দড়ি টানতে এবং কীর্তনে অংশ নিতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ অর্থ ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। তার অনুগ্রহ লাভ করলে মানুষের মোক্ষ বা মুক্তিলাভ হয়। এই বিশ্বাস থেকেই প্রতি বছর রথে জগন্নাথ, বলদেব ও শুভদ্রার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসব ঘিরে সরকার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ২৪ জুলাই বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে একই পথ ধরে স্বামীবাগ ইসকন মন্দিরে পৌঁছাবে। এর মধ্য দিয়েই শেষ হবে এ বছরের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

রথযাত্রা উপলক্ষে ইসকন ৯ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি, ভাগবত আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন এবং নাট্য মঞ্চায়ন।

রূপালী বাংলাদেশ

Link copied!