শেরপুরের নকলা পৌর শহর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। গত বুধবার সকালে পৌর শহরের কায়দা, মজিদবাড়ি, কুরসা, বাজারদি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের এই তা-বে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কর্মজীবী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা যখন রাস্তা দিয়ে চলাচল করছিল, তখন হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এমনকি কুকুরের আক্রমণে চারটি ছাগলও গুরুতর জখম হয়।
ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। একপর্যায়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেললে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
তবে ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, আহত ১৭ জনকে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন