পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা উপজেলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিক, তার স্ত্রী বুলু খাতুন এবং পাবনা শহরের উত্তর শালগাড়ী এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)। মাধপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেয়া খাতুন নামে এক নারীর মরদেহ নিয়ে স্বজনেরা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে ফিরছিলেন। পথে সকাল সাড়ে ৭টার দিকে সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ ও বুলু খাতুন নিহত হন। গুরুতর আহত সলিম প্রামাণিক এবং অপর একজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সলিম প্রামাণিক মারা যান। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত সলিম প্রামাণিক ও বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের নানা-নানি ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘœ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন