টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুর্শি গ্রামের তিয়ামাথা আইনুদ্দিন বাড়ি থেকে গাড়াখালী হাসান আলী মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, কাদা ও জমে থাকা পানির কারণে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়কের এই অংশ এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। প্রতিদিন শতাধিক মানুষ এই সড়ক ব্যবহার করেন। দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এটি প্রধান যাতায়াতের পথ। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে কাদা ও পানি জমে যায়। ফলে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী এবং কৃষিপণ্য পরিবহনকারী কৃষকেরা। স্থানীয় বাসিন্দা মামুন হোসেন আবির বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা। কোথাও খানাখন্দ, কোথাও কাদা-পানি। জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি।’
কৃষক সামাদ, আক্তারসহ কয়েকজন কৃষক জানান, গোপালপুর, ধনবাড়ী ও আশপাশের বাজারে কৃষিপণ্য নিতে সড়কটির ওপরই নির্ভর করতে হয়। কিন্তু খারাপ রাস্তার কারণে সময়মতো পণ্য বাজারে পৌঁছানো যায় না। এতে অনেক সময় কম দামে বিক্রি করতে হয়। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।
শিক্ষার্থী টুম্পা রানী ও মো. বাদশা বলেন, ‘বৃষ্টি হলে হাঁটুসমান পানি ও কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।’ স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউপি সদস্য মো. বাবলু দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মোকাদ্দেস আলী বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রথমে প্রকল্পটি টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। পরে তা এলজিইডির প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন