‘যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে।
গতকাল সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, সরকার কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। এ ছাড়া রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। এ সরকার কৃষিবান্ধব ও জনগণের সরকার। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবে গড়ে উঠেছে।’
এর আগে সকালে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলা উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অনুষ্ঠানে তিনি জানান, গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্পের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এসব পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন বিভিন্ন সমিতির সদস্যরা নিজস্ব উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন, যা জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করছে।
নারীশিক্ষার অগ্রগতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক পর্যায় পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বেকার যুবকদের দক্ষ হয়ে আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিজাত পণ্য সংরক্ষণে এ অঞ্চলে একটি ‘অ্যাগ্রিকালচারাল হাব’ (কৃষি সংরক্ষণাগার) গড়ে তোলা হবে। পাশাপাশি স্থানীয় পণ্য রপ্তানির উপযোগী করতে সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি উৎপাদনমুখী খাতে বিনিয়োগের আহ্বান জানান। সরকারের বর্তমান নানা জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন