বৃষ্টি এলো ঝুমুর ঝুমুর
সোমা মুৎসুদ্দী
বৃষ্টি এলো ঝুমুর ঝুমুর উদাস নূপুর তালে
বৃষ্টি এলো দূরের মাঠে নয়তো বিলে খালে।
বৃষ্টি এলো মাতাল হাওয়ায় কাঁপছে দূরের বন
তারই সঙ্গে ছন্দ তালে নাচছে খুকির মন।
অল্প কথায় গল্প হবে দাদির সঙ্গে আজ
বৃষ্টি ভেজা সবুজ পাতা খুলছে লাজুক সাজ।
বৃষ্টি ছড়ায় মনটা নাচে কদম ফুলের হাসি
শৈশবেরই রঙিন স্মৃতি আজও ভালোবাসি।
টুপুর টাপুর বৃষ্টি ফোঁটা কচু পাতায় জল
তারই সঙ্গে মেঘ বালিকা নাচছে ছলাৎছল।
উঠোনজুড়ে জমলো পানি বর্ষা কাদায় ভিজে
ছোট্ট খোকার মুখে হাসি আনন্দ সুখ কী যে!
মেঘলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি ধারা আসে
সবুজ শ্যামল বাংলাকে সে অনেক ভালোবাসে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন