ঠাকুরগাঁওয়ে চালান ছাড়া ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহনের সময় অভিযান চালিয়ে সারসহ ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে ট্রাকের চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। প্রশাসন জানায়, ট্রাকে থাকা সার পরিবহনের বৈধ চালান বা কাগজপত্র দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক বাবু ও হেলপার সুমনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও উদ্ধার হওয়া ৩৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৮০ বস্তা সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযান চলাকালে ইউএনও খাইরুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন