নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠনের দেড় মাসের মধ্যেই হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থসংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, অনেকেই মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস হারিয়ে গেলে কিংবা চুরি হলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন না। ফলে হারানো ডিভাইস উদ্ধারের সুযোগ কমে যায়। এ ছাড়া হারানো ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে প্রকৃত মালিকও আইনি জটিলতায় পড়তে পারেন। তাই মোবাইল বা ডিজিটাল ডিভাইস হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, আধুনিক পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে গত ১৩ জুন নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠন করা হয়। প্রতিষ্ঠার মাত্র দেড় মাসের মধ্যেই তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে এ সেলের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন