যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামছে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজার ২৬৯ জনের বেশি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গত মার্চ থেকে সীমান্তজুড়ে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি বাহিনী এরই মধ্যে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ এবং আশপাশের কৌশলগত এলাকা দখল করেছে। পাশাপাশি লিতানি নদী অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো দুর্বল করতেই এই অভিযান আরও বিস্তৃত করা হচ্ছে। লেবাননের বিভিন্ন শহরে নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সংঘাত শুরুর পর থেকে ১২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রোববার দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই দিনে বিভিন্ন এলাকায় ৪০টির বেশি হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে হিজবুল্লাহও সীমান্ত এলাকায় পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। উত্তেজনা প্রশমনে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ফ্রান্স।

