ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশু নিহত

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৪৬ এএম

আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বুধবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। তার অভিযোগ, পাকিস্তানের যুদ্ধবিমান বেসামরিক লোকজনের বসতবাড়ি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। তিনি এ হামলাকে ‘অপরাধ ও আগ্রাসন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। অন্যদিকে পাকিস্তান বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী কয়েকটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের চারটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং ২৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে প্রশিক্ষণকেন্দ্র, গোপন আস্তানা ও গোলাবারুদের মজুগদ ছিল বলে দাবি করা হয়। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। গত ৯ জুন একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ছয় সদস্য নিহত হওয়ার ঘটনাও এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।

তবে আফগান পক্ষ এ দাবি প্রত্যাখ্যান করেছে। খোস্ত প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য মতে, স্পেরা জেলায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের ৯ জন নিহত হন। পাকতিকা প্রদেশেও বিমান হামলায় তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সীমান্তজুড়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান। পরে চীনের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ অব্যাহত থাকে। সাম্প্রতিক এই বিমান হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনাকে আবারও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখ-ে পাকিস্তানি তালেবান সদস্যরা আশ্রয় পাচ্ছে। তবে কাবুল সেই অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাসংকট তাদের নিজস্ব সমস্যা।