ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ১২

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠানের ভাড়া করা বিমানটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে আকাশে ওঠার পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর বিমানবন্দর থেকে প্রায় দুই শ গজ দূরে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিমানে থাকা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন ঘটনাটিকে ‘গণহতাহতের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়ার জন্য উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা তল্লাশি করেছেন। এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এক মুহূর্তের মধ্যে আনন্দঘন অভিযাত্রা পরিণত হয়েছে স্বজন হারানোর বেদনাময় ঘটনায়।