ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আফগানিস্তান-পাকিস্তানে ভূকম্পন, কাঁপল উত্তর ভারতও

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৪২ এএম

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। একই দিনে পাকিস্তানেও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্পে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠের গভীরে। ভূমিকম্পের পরপরই দিল্লি ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে অসংখ্য বার্তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আফগানিস্তান কিংবা ভারতে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব কম্পনে বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারীদল মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চল ও আশপাশের এলাকায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলটি সক্রিয় ভূকম্পন বলয়ের অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।