ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৪৩ এএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির কর্তৃপক্ষের আশা, শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই খামেনির জন্মশহর উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে। শোকানুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। এদিকে ইরাকের কারবালায় একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানের পরিকল্পনার কথাও বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ৮৬ বছর বয়সি আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। কারণ, অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইরানি কর্তৃপক্ষের মতে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক শোকাহত মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ফলে পুরো আয়োজনকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।