ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

 ধেয়ে আসছে ‘সুপার টাইফুন’

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০১ এএম

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ভয়াবহ রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের অধীন গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী সোমবারের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ফলে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ঝড়টির স্থায়ী বাতাসের গতি ইতি]মধ্যে ঘণ্টায় ১৬৭ কিলোমিটারে পৌঁছেছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে এর গতি ঘণ্টায় ২৪০ থেকে ২৭৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে এটি সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের জানালা-দরজা মজবুত করা, প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিঘিœত হওয়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি উপকূলে পৌঁছানোর আগে কিছুটা দুর্বল হলেও তা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কমাবে না। বিশেষ করে প্রবল বাতাস, ভারি বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের কারণে নিচু এলাকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে আঘাত হানা আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে অঞ্চলটি এখনো পুরোপুরি পুনরুদ্ধার করতে পারেনি। নতুন এই দুর্যোগের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।