টানা ভারি বর্ষণে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই ও আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় আবহাওয়া দপ্তর শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় দুশ মিলিমিটারের বেশি এবং কয়েকটি স্থানে তিনশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ভিখরোলি পশ্চিম এলাকায়, যেখানে তিনশ দশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোলাবা ও ভিখরোলির আরও কয়েকটি এলাকাতেও তিনশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।টানা বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে, বহু সড়কে পানি জমেছে, গাছ উপড়ে পড়েছে এবং কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
এতে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। যদিও বাস চলাচল স্বাভাবিক রয়েছে, শহরতলির ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই নিচু ও উপকূল-সংলগ্ন এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মুম্বাইয়ের পাশাপাশি থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনেতেও ভারি বর্ষণে জলাবদ্ধতা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনেও ভারি থেকে অতিভারি বর্ষণ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

