ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২৩ এএম

গাজীপুরে সরকারবিরোধী মিছিল, স্লোগান ও বক্তব্য দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী পাশে হোটেল নিরিবিলি অ্যান্ড রেস্টুরেন্ট-২-এর সামনে ছাত্রলীগের ব্যানারে একটি সরকারবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ দাবি করেছে, ওই মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে সরকারবিরোধী স্লোগান ও বক্তব্য দেন। পরে এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিষয়টি আমলে নিয়ে গাজীপুর মহানগরের সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর সদর থানার পুলিশের একাধিক আভিযানিক দল মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে মিছিলে সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও অর্থায়নের অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানার পুলিশ পাঁচজন এবং জেলার বিভিন্ন থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।