চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কর্তৃপক্ষ জানায়, ভূমিধসের ফলে একাধিক ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে শতাধিক সদস্যের উদ্ধারকারী দল দিনরাত কাজ করছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কাও পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নিখোঁজদের সবাইকে দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন